জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী কাসি বেনেট। নিজের ৪০তম জন্মদিনের অনুষ্ঠানে বেনেটকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট। পরে সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বেনেট।
জ্যামাইকার কিংস্টনে বোল্টের জন্মদিনের অনুষ্ঠানে এই প্রস্তাব দেওয়া হয়। বোল্ট মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে বেনেটকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি ছিল বেনেটের জন্য চমক। তিনি আগে থেকে কিছুই জানতেন না।
প্রস্তাব পাওয়ার পর নিজের বিস্মিত প্রতিক্রিয়ার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বেনেট। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ পোস্টে কান্না ও হাসির ইমোজিও দেন তিনি।
বোল্টের ৪০তম জন্মদিনের আয়োজনের সঙ্গে বেনেট নিজেও যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনেই তাঁর জন্য এমন বিশেষ চমক অপেক্ষা করছে, তা তিনি বুঝতে পারেননি। প্রস্তাবের পর বেনেটকে কাঁদতে ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
উসাইন বোল্ট ও কাসি বেনেট ২০১৩ সাল থেকে সম্পর্কে রয়েছেন। তাদের তিন সন্তান—মেয়ে অলিম্পিয়া লাইটনিং এবং যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিও। ২০২০ সালের মে মাসে প্রথম সন্তানের জন্ম হয়। পরের বছর জুনে জন্ম নেয় যমজ দুই ছেলে।
বিয়ের প্রস্তাবের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বোল্ট ও বেনেটকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের ভক্তরা। দীর্ঘ এক দশকের বেশি সময়ের সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে নতুন পরিণতির দিকে এগোচ্ছে।


