...|...|...

খেলা

নিজের ছন্দ হারানোর কারণ জানালেন ভিনিসিয়ুস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১০
Shares
নিজের ছন্দ হারানোর কারণ জানালেন ভিনিসিয়ুস

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে মৌসুমের শুরুটা ঠিক আশানুরূপ হচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের। নিজের পারফরম্যান্সের ঘাটতির কারণ হিসেবে বিশ্বকাপের ধকল, কম অনুশীলন এবং দলবদল নিয়ে তৈরি হওয়া মানসিক চাপের কথা স্বীকার করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপের পর যতটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, ততটা নিতে পারিনি। ওই টুর্নামেন্টের প্রভাব ব্রাজিলের সবার ওপরই অনেক বেশি ছিল। এত দ্রুত বিদায় নিতে হবে, তা আমরা ভাবিনি। তাই ছুটিতে বিশ্রাম নিয়েছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি।’

গত আগস্টে ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে তার আগে চুক্তির শেষ বছরে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে স্পেনের সংবাদমাধ্যমে বেশ জল্পনাকল্পনা চলেছে। চলতি মৌসুমে রিয়ালের হয়ে ১২ ম্যাচে মাত্র এক গোল করেছেন তিনি, করিয়েছেন আরও তিনটি। কোচ হোসে মরিনহোও তাকে মাত্র তিন ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে রেখেছেন। এর ওপর বাঁ প্রান্তে নতুন যোগ দেওয়া আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের দুর্দান্ত ফর্ম ভিনির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

তবে দীর্ঘমেয়াদি ফর্মহীনতা নিয়ে খুব বেশি চিন্তিত নন ভিনিসিয়ুস। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির উদাহরণ টেনে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে একই উচ্চতায় পারফর্ম করা খুব কঠিন। আমার মনে হয়, কেবল রোনালদো ও মেসিই এত বছর ধরে একই ধরনের পরিসংখ্যান ধরে রাখতে পেরেছেন। আমিও মানুষ, ভুল করি। তবে সব সময় উন্নতির চেষ্টা করি।’

সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছেন এই ফরোয়ার্ড। গত শনিবার জাপানের বিপক্ষে ব্রাজিলের ৩-২ গোলের হারের ম্যাচে জোড়া গোল করেছিলেন ভিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচেও তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে।