...|...|...

খেলা

নিজেকে সর্বকালের সেরা দাবি করা রোনালদোর সাক্ষাৎকার সরিয়ে নিল সিএনএন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১০:১৭
Shares
নিজেকে সর্বকালের সেরা দাবি করা রোনালদোর সাক্ষাৎকার সরিয়ে নিল সিএনএন

ছবি: সংগৃহীত

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে দাবি করেছেন ক্রিস্তিয়ানো পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। সেই সাথে তার গোল ও পারফরম্যান্সের প্রাপ্য স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

তবে সিএনএন পর্তুগালে এই বিস্ফোরক সাক্ষাৎকারটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা ওয়েবসাইট থেকে রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে সিএনএন পর্তুগালকে দেওয়া রোনালদোর সাক্ষাৎকারের অংশবিশেষ তুলে ধরা হয়।

আল নাসরের এই পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, 'মানুষ আমার গোল এবং পারফরম্যান্সের মানকে মোটেও প্রাপ্য স্বীকৃতি দেয় না।' প্রফেশনাল ক্যারিয়ারে বর্তমানে ১ হাজার ৩৩৭ ম্যাচে ৯৮০ গোলের মালিক রোনালদো এগোচ্ছেন ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে।

হাজার গোলের স্বপ্ন নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করে রোনালদো জানান, ১ হাজার গোল না হলেও তার শ্রেষ্ঠত্ব কমবে না। তিনি বলেন, 'সবকিছু স্বাভাবিকভাবেই হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তাতে কী? আমিই ইতিহাসের সেরা ফুটবলার, ব্যস—কথা এখানেই শেষ।'

পরিসংখ্যানের ওপর জোর দিয়ে তিনি আরও যোগ করেন, 'পরিসংখ্যানই সব সত্যি বলে দেয়। ১ হাজার গোল করতে পারলে অবশ্যই তা অসাধারণ হবে। সেই লক্ষ্যের জন্যই আমি কাজ করে যাচ্ছি।'

তবে ফুটবলকে কবে বিদায় জানাবেন—তা নিয়ে অনিশ্চয়তার কথা জানান ৩৯ বছর বয়সী এই তারকা। রোনালদো বলেন, 'আগামীকাল কী হবে তা আমি জানি না। হয়তো কোনোদিন ঘুম থেকে উঠে দেখব খেলার সেই তাগিদ আর নেই। ঠিক কখন বিদায় নেব, তা এখনই বলা কঠিন।'

বিতর্কিত এই সাক্ষাৎকারটি প্রকাশের পর পর্তুগালে ব্যাপক চর্চা শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যেই লেখাটি মুছে ফেলে সিএনএন পর্তুগাল। তবে ঠিক কী কারণে সাক্ষাৎকারটি সরাতে হলো, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।