বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিখোঁজ হওয়ার পর থেকে তার সাথে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাওরির লাশ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।’
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এই কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।’

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সাথে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসাথে এই ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি মরহুম কে এম তাহসিফ সাওরির আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

