...|...|...

সারাদেশ

নিখোঁজের একদিন পর স্লুইসগেটে মিলল নারীর লাশ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
নিখোঁজের একদিন পর স্লুইসগেটে মিলল নারীর লাশ

নিখোঁজের একদিন পর স্লুইসগেটে মিলল নারীর লাশ। ছবি: টাইমস টুডে

জয়পুরহাটের আক্কেলপুরে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন বেলি বিবি (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের পাশে তার ব্যবহৃত জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। তবে বেলি বিবির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক ওই খালে মাছ ধরতে যান। এ সময় পানিতে বেলি বিবির লাশ ভাসতে দেখে তিনি গ্রামবাসীকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার ধারণা, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে যেতে পারেন বেলি বিবি।

নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়েই তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।