...|...|...

রাজনীতি

নাশকতা দমনে সরকার ব্যর্থ, অভিযোগ জামায়াতের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
নাশকতা দমনে সরকার ব্যর্থ, অভিযোগ জামায়াতের

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তার সুযোগে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। অথচ এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জামায়াত।

গোলাম পরওয়ারের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি গণপরিবহন, সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না থাকা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বাসে আগুনের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এসব ঘটনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের সহিংসতার স্মৃতি মনে করিয়ে দেয়।

বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার না করায় ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। তার দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের নাশকতা চালানো সম্ভব নয়। এ কারণে বিএনপি সরকার এসব ঘটনার দায় এড়াতে পারে না।

গোলাম পরওয়ার বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও সরকার সেগুলো আমলে নিচ্ছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকারের দায়িত্বহীনতার কারণে সৃষ্ট সংকট বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপিয়ে সরকার সফল হবে না। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও বিস্ফোরণের ঘটনা কঠোরভাবে দমন করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।

বিবৃতির শেষাংশে জামায়াতের এই নেতা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদের পুনরুত্থান ঠেকাতে এসব উদ্যোগ জরুরি। অন্যথায় জনগণের দাবি আদায়ে জামায়াত নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে, যা সরকারের জন্য সংকট তৈরি করতে পারে।

এ ছাড়া সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।