...|...|...

রাজধানী

নাগরিক সেবায় গাফিলতি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, রাত ৯:৩২
Shares
নাগরিক সেবায় গাফিলতি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মতবিনিময় সভায় বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

নাগরিক সেবা দিতে অবহেলা করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। একই সঙ্গে রাজধানীর সড়ক দখল করে কাউকে বসতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কলাবাগান গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে আয়োজিত এক নাগরিক মতবিনিময়সভায় এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। নগরবাসীর বিভিন্ন সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেওয়া এবং সিটি করপোরেশনের সেবার মান বাড়ানো ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড প্রতিনিধিরা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের ঘাটতি, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, পর্যাপ্ত সড়কবাতি না থাকা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা পেতে ভোগান্তি।

নাগরিকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের কাছে সমস্যাগুলোর ব্যাখ্যা চান প্রশাসক। পাশাপাশি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

অবৈধ হকার উচ্ছেদে বিশেষ কর্মসূচি

সভায় ঢাকার জলাবদ্ধতাকে অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন আব্দুস সালাম। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার আগ থেকেই এ সমস্যা বিদ্যমান। পরিস্থিতির উন্নয়নে সিটি করপোরেশন কাজ করছে।

নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর রাজপথ দখল করে কাউকে বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে ব্যবসা করতে আগ্রহীদের জন্য বিকল্প ব্যবস্থার সুযোগ রাখা হবে। এ ক্ষেত্রে মতিঝিলের নৈশকালীন মার্কেটের আদলে ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি।

দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা

নাগরিক সেবায় জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আব্দুস সালাম বলেন, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। সিটি করপোরেশনের যেকোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে অবহেলা করলে কিংবা নাগরিকদের প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগের প্রশংসা করেন। অতীতে অর্থের অপব্যবহার ও অনিয়মের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠে একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মধ্যস্থতাকারী ছাড়াই নগরবাসীর অভিযোগ শোনা এবং তাৎক্ষণিক জবাবদিহির ব্যবস্থা রাখায় সভায় অংশ নেওয়া নাগরিক সমাজের প্রতিনিধিরা ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।