২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এ জাপানের হৃদয় ভেঙেছিল ব্রাজিল। এবার সেই ব্রাজিলের বিপক্ষেই আবার মাঠে নামছে এশিয়ার দলটি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন চলতি বছরের শেষে দুটি প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। প্রতিপক্ষ জাপান ও সিঙ্গাপুর। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে।
আগামী ১৪ নভেম্বর ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। তিন দিন পর ১৭ নভেম্বর প্রতিপক্ষ সিঙ্গাপুর। এর আগে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচ দুটি নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘সিঙ্গাপুরের এই প্রীতি ম্যাচগুলো আগামী বছরগুলোর জন্য দল গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলে বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের যাচাইয়ের সুযোগ পাব। চক্রের শুরুতেই এটি জরুরি।’
আনচেলত্তি আরও বলেন, ‘আমরা দলের পরিচয় শক্তিশালী করছি। বিকল্প বাড়ানোর কাজ করছি। ভারসাম্যের সাথে এগিয়ে সামনের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে চাই।’
ব্রাজিল-জাপান ম্যাচটি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের ওই ম্যাচে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। সেবার কোচ ছিলেন আনচেলত্তি।
জাপানি কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘এই সুযোগ আমরা সর্বোচ্চ কাজে লাগাতে চাই। প্রতিটি কার্যক্রম দিয়ে বর্তমান অবস্থান থেকে আরও উন্নতি করতে চাই। লক্ষ্য আগামী বছরের জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে সেরা পারফরম্যান্স।’ তিনি আরও বলেন, ‘শুনেছি সিঙ্গাপুরসহ অনেক এশীয় দেশের মানুষ বিশ্বকাপে জাপানকে সমর্থন করেছে। ফুটবল নিয়ে এত উৎসাহী একটি দেশে খেলতে পেরে আমরা কৃতজ্ঞ।’


