মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের চরিত্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। তিনি বলেছেন, নবীজি (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই আদর্শ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে।
বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ছালামবাগে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত ‘সিরাতের আলোয় তরবিয়তি মাজলিস ও মতবিনিময় সভা’য় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিদওয়ান মাযহারী বলেন, মহান আল্লাহ পবিত্র কোরআনে নবীজি (সা.) এর চরিত্রের প্রশংসা করেছেন এবং তার জীবনকে মানবজাতির জন্য উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তাই নবীজি (সা.) এর সিরাত শুধু জানা বা আলোচনার বিষয় নয়। তার চরিত্র ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে হবে।
তিনি বলেন, শিক্ষাজীবন চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যবাদিতা, আমানতদারি, শৃঙ্খলা, বিনয়, ধৈর্য ও দায়িত্ববোধের মতো গুণ অর্জন করতে হবে। মহানবী (সা.) এর জীবন এসব গুণের বাস্তব শিক্ষা দেয়।
ছাত্র জমিয়তের সভাপতি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে। তাই জ্ঞান ও মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও তাদের প্রস্তুত হতে হবে। নবীজি (সা.) এর আদর্শ অনুসরণ করলে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, ন্যায়বোধ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি হবে।
তিনি আরও বলেন, মহান আল্লাহ নবীজি (সা.) কে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তার জীবন ব্যক্তিগত, সামাজিক ও সামষ্টিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বহন করে। শিক্ষার্থীদের কোরআন, হাদিস ও সিরাত অধ্যয়নের মাধ্যমে তার জীবন সম্পর্কে জানতে এবং সেই শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে।
রিদওয়ান মাযহারী বলেন, আল্লাহর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো রাসুলুল্লাহ (সা.) কে অনুসরণ করা। নবীজি (সা.) এর প্রতি ভালোবাসা তার সুন্নাহ ও আদর্শ অনুসরণের মাধ্যমে বাস্তব জীবনে প্রকাশ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়া কাসিম নানুতবী রামপুরার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা যাইনুল আবিদীন। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি মাহবুবুল আলম, রামপুরা থানা শাখার সভাপতি মুফতি হাসান আহমাদ কাসেমি, সহসভাপতি মুফতি ফারুক আহমাদ, যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এবং ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম।
সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া আনওয়ারুল উলুম ছালামবাগ ক্যাম্পাস শাখার সভাপতি বেলায়েত হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাহাদী হাসান।



