...|...|...

সারাদেশ

নকল বালার ফাঁদে ফেলে নারীর সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
নকল বালার ফাঁদে ফেলে নারীর সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

চট্টগ্রামের হাটহাজারীতে নকল স্বর্ণের বালা দেখিয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতারক চক্রের সদস্যরা কৌশলে ওই নারীর কাছ থেকে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আংটি নিয়ে পালিয়ে যায়।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ত্রিবেণী মোড় ও কাছারি রোডসংলগ্ন এলাকা এবং পৌরসভা হকার মার্কেটের আশপাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খালেদা বেগম দৈনিক দেশ রূপান্তরের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ রফিকের বড় বোন। তার বাড়ি হাটহাজারী পৌরসভার মীরেরহাট আলমপুর গ্রামে।

খালেদা বেগম গণমাধ্যমকে বলেন, রবিবার দুপুরে ওষুধ কেনার পর পাউরুটি কিনতে তিনি নুরজাহান বেকারির সামনে যাই। এ সময় ৩০ থেকে ৩২ বছর বয়সী এক ব্যক্তি সামনে এসে সাদা কাগজে মোড়ানো একজোড়া বালা দেখান। ওই ব্যক্তি জানান, বিদেশ যাওয়ার জন্য বালা দুটি বিক্রি করতে চান। সেগুলো বিক্রির ব্যাপারে তার সহযোগিতাও চান তিনি।

এরপর ক্রিম রঙের পাঞ্জাবি পরা ২৫ থেকে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি সেখানে এসে প্রথম ব্যক্তির সাথে কথাবার্তা শুরু করেন। একপর্যায়ে দুজন মিলে খালেদাকে সাথে নিয়ে দক্ষিণ দিকে এগিয়ে যান। পরে হাটহাজারী বাজারের সেন্ট্রাল প্লাজার সামনে তাদের সাথে যোগ দেন কালো টি-শার্ট ও কালো প্যান্ট পরা ৪০ থেকে ৪৫ বছর বয়সী আরেক ব্যক্তি।

খালেদা জানান, তিন ব্যক্তি তার কাছে থাকা স্বর্ণের চেইন ও আংটির বিনিময়ে তাদের দেখানো বালা দুটি নেওয়ার প্রস্তাব দেন। বালা দুটি বিক্রি করতে পারলে তিনি বাড়তি লাভ করতে পারবেন বলেও আশ্বাস দেন তারা। এ সময় তাদের একজন পকেট থেকে কিছু গুড়া বের করে তার শার্টের কলারে ঝেড়ে দেন বলে অভিযোগ করেন খালেদা।

এরপর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে দাবি তার। পরে ওই ব্যক্তিদের কথায় বিশ্বাস করে দুপুর সাড়ে ১টার দিকে পৌরসভা হকার মার্কেটের পাবলিক টয়লেটের সামনে যান খালেদা। সেখানে বালা দুটি আসল স্বর্ণের বলে বিশ্বাস করিয়ে তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও একটি আংটি নিয়ে যান ওই তিন ব্যক্তি।

খালেদার দাবি, তার দেওয়া চেইন ও আংটির মোট ওজন প্রায় দেড় ভরি। বর্তমান বাজারদর অনুযায়ী অলংকার দুটির আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পরে বাড়িতে ফিরে বালা দুটি পরীক্ষা করে নকল বলে বুঝতে পারেন তিনি। তখনই প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

খালেদা বেগম বলেন, ‘আমি সব সময় মানুষকে বলি, বাইরে গেলে সাবধানে চলাফেরা করতে। আমার ৫৫ বছর বয়সে এমন ঘটনা কখনো ঘটেনি। কীভাবে যে তাদের হাতে নিজের স্বর্ণের চেইন ও আংটি দিয়ে দিলাম, নিজেও বুঝতে পারছি না।

এদিকে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে হঠাৎ অস্বাভাবিক আচরণ, স্মৃতিবিভ্রাট কিংবা নিজের সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ উঠলে আলোচনায় আসে শয়তানের নিশ্বাস নামে পরিচিত স্কোপোলামিনের প্রসঙ্গ। সাম্প্রতিক দেশে অপরাধে এই রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে খালেদা বেগমের দাবি, তার সামনে কথা বলা এক ব্যক্তি পকেট থেকে গুঁড়াজাতীয় কিছু বের করে তার শার্টের কলারে ঝেড়ে দেন। এরপর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন খালেদা বেগম। তবে অভিযুক্ত তিন ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।’