মরক্কো ও পিএসজির তারকা আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালত তার করা আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে। তবে আপিল খারিজের অর্থ হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন এমন নয়, অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মূল বিচারপ্রক্রিয়ায়।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) কোর্ট অব ক্যাসেশন হাকিমির আপিল গ্রহণ করেনি। এর আগে গত ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখে। ওই রায়ের বিরুদ্ধেই ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন হাকিমি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। হাকিমির আইনজীবী জানিয়েছেন, কোর্ট অব ক্যাসেশন মামলার অভিযোগের মূল বিষয়গুলো পর্যালোচনা করেনি। এসব বিষয় মূল বিচারপর্বেই আলোচনা হবে।
সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে এই পর্যায়ে হাকিমির আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হয়েছে। ফলে মামলাটি ফৌজদারি আদালতে যাওয়ার পথ এখন পরিষ্কার। তবে বিচার শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তার মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তার পক্ষের সব বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।


