...|...|...

রাজনীতি

দেশে কি কোনো সরকার আছে, প্রশ্ন আসিফ মাহমুদের

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৭
Shares
দেশে কি কোনো সরকার আছে, প্রশ্ন আসিফ মাহমুদের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে কি কোনো সরকার আছে?

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের শতাধিক সন্ত্রাসী গুলিবর্ষণ করে প্রবেশ করে তাণ্ডব চালায়, কোপানো হয় বেশ কয়েকজনকে। দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।

স্থানীয়রা জানায়, মুখোশধারী শতাধিক ব্যক্তি ৪টি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীতে নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ঢুকে পড়ে। অনেকের হাতেই দেশীয় অস্ত্র, ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে। এসময় আতঙ্ক ছড়াতে এলোপাতাড়ি গুলিও ছোড়া হয়।