...|...|...

কর্পোরেট

দেশে অনার ৬০০এস ৫জি উন্মোচন, প্রকাশ পেল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০১
Shares
দেশে অনার ৬০০এস ৫জি উন্মোচন, প্রকাশ পেল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পারফরম্যান্স ও স্থায়িত্বের পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে দৈনন্দিন কাজ সহজ করা এবং সৃজনশীলতা বাড়ানোর বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অভিনেত্রী তমা মির্জা ও কেয়া পায়েল। এ ছাড়া বিভিন্ন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট ক্রিয়েটররাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে প্রকাশ করা হয় অনারের নতুন ব্র্যান্ড অ্যান্থেম। জেফার, মাশা ও ফিরোজ জং-এর রাতুলের তৈরি এই অ্যান্থেমের সঙ্গে প্রকাশ করা হয় এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও। অনুষ্ঠানে তিন শিল্পী একক সংগীত পরিবেশনাও করেন।

এ ছাড়া তরুণদের সৃজনশীল কাজে এআই প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে আয়োজিত ‘এআই ক্রিয়েটরস ডেন’ ক্যাম্পেইনের তিন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

ক্যাম্পেইনটি প্রসঙ্গে সৈয়দ মো. বদরুল আরেফিন বলেন, “প্রযুক্তি মানুষের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের নতুন পথ তৈরি করে বলে আমরা বিশ্বাস করি। এআই ক্রিয়েটরস ডেন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তরুণদের জন্য সেই সুযোগই তৈরি করতে চেয়েছি। এর মাধ্যমে তারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি নিজেদের সৃজনশীল ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেয়েছেন।”

অনার ৬০০এস ৫জি স্মার্টফোনে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে সহজেই ব্যবহার করা যাবে বিভিন্ন এআই ফিচার। এর অন্যতম আকর্ষণ এআই ইমেজ টু ভিডিও ২.০। এই ফিচারের সাহায্যে কথার মাধ্যমে নির্দেশনা দিয়ে ছবি থেকে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যাবে।

স্মার্টফোনটি সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, “এআই ইমেজ টু ভিডিও ২.০-এর মতো ফিচারের মাধ্যমে অনার ৬০০এস ৫জি ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের নতুন সুযোগ তৈরি করবে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন টুলের মাধ্যমে এআইকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও সৃজনশীলতার সঙ্গে প্রযুক্তির বিভিন্ন সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবেন।”

ফোনটিতে রয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, একটানা ২১ ঘণ্টার বেশি ভিডিও দেখা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা ১৫ ঘণ্টার বেশি ভারী গেম খেলার সক্ষমতা রয়েছে ব্যাটারিটিতে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং অতিরিক্ত ১৬ জিবি র‍্যাম এক্সপ্যানশনের সুবিধা। পানি ও ধুলাবালি প্রতিরোধে ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। এসজিএসের সনদ অনুযায়ী, ২.৫ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কাও সামলাতে সক্ষম ফোনটি।

ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পল—তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার ৬০০এস ৫জি। স্মার্টফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৯৯৯ টাকা।