...|...|...

অর্থনীতি

দেশের বাজারে আরও কমলো স্বর্ণ ও রুপার দাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩১
Shares
দেশের বাজারে আরও কমলো স্বর্ণ ও রুপার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল্যবান এই দুই ধাতুর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো- ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা ও সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে, গত ২২ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম হলো- ২২ ক্যারেট: ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট: ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৩ হাজার ১৪৯ টাকা ও সনাতন পদ্ধতি: ২ হাজার ৩৯১ টাকা।

এর আগে, গত ২২ অক্টোবর রুপার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ছিল ২ হাজার ৫০৮ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, ৬৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ দফা দাম বাড়ানো হয় এবং ২৯ দফা কমানো হয়।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ৭৬ দফা রুপার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪০ দফা কমানো হয়েছে। গত বছর রুপার দাম মোট ১৩ দফা সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ১০ দফা দাম বাড়ানো হয় এবং তিন দফা কমানো হয়।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ ও রুপার এই নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।