...|...|...

বিনোদন

দেব-শুভশ্রীর রোমান্টিক ছবি ভাইরাল, ভক্তদের নতুন সুখবর দিলেন দেব

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, সকাল ১০:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪২
Shares
দেব-শুভশ্রীর রোমান্টিক ছবি ভাইরাল, ভক্তদের নতুন সুখবর দিলেন দেব

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি ঘটলেও দর্শকমহলে তাদের গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি। ভক্তদের কাছে তারা এখনও পরিচিত ‘দেশু’ জুটি নামেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু রোমান্টিক মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছেন এই দুই তারকা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শুভশ্রীর সাথে কয়েকটি ছবি পোস্ট করেন দেব। ছবিগুলোয় একটি সিনেমা হলে হাসি-ঠাট্টা আর খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় দুজনকে।

এমনকি  ছবিতে দেবের কোলে বসে থাকতে দেখা যায় শুভশ্রীকে। পোস্টটি প্রকাশের সাথে সাথেই ভক্তদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়।

ছবির ক্যাপশনে দেব লেখেন, প্রায় এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত তৈরি হয়েছিল, যখন ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হয়।

তার ভাষায়, এটি নিছক কোন আয়োজন নয়, বরং বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত। এই আয়োজনের সাথে যুক্ত সবাইকে এবং ‘দেশু’ জুটির প্রতি এখনো যারা ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ভক্তদের বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়ে তাদের হতাশ না করার প্রতিশ্রুতি দেন।

দেব-শুভশ্রী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’-র শুটিং প্রায় এক দশক আগে শেষ হয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘খোকা ৪২০’-এর পর যখন তাদের সম্পর্ক ভাঙনের মুখে পড়ে, তখনই ২০১৫ সালে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়।

অবশেষে ২০২৫ সালে নানা আইনি জটিলতায় বছরের পর বছর মুক্তি আটকে থাকার পর সিনেমাটি বড়পর্দায় আসে।

মুক্তির প্রাক্কালে অনুষ্ঠিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর একই মঞ্চে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী, যা সে সময় ভক্তমহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছিল।

এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। সিনেমাটির কর্মশিরোনাম রাখা হয়েছে ‘দেশু ৭’, যা হতে চলেছে তাদের একসাথে করা সপ্তম সিনেমা।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে প্রথমবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন দেব নিজে।