বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বান্দরবান সেক্টরের আওতাধীন ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে গোপনে রাখা ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানচি ব্যাটালিয়ন (৬৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন।


