...|...|...

সোশ্যাল মিডিয়া

দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে শেখ হাসিনা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৫ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৯
Shares
দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে শেখ হাসিনা দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ছবি: সংগৃহীত

সম্প্রতি, ‘দিল্লিতে আন্তর্জাতিক একটি কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে দেশরত্ন শেখ হাসিনা।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে– সাম্প্রতিক সময়ে দিল্লিতে কনফারেন্সে শেখ হাসিনার অংশ নেওয়ার দৃশ্য এটি। 

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০১৯ সালে ৩ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে ইন্ডিয়া ইকোনমিক সামিটে অংশগ্রহণ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়কার ভিডিও এটি।

অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩ অক্টোবর প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

সময় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৩ অক্টোবর নয়া দিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা দুইটায় সম্মেলনে দিল্লির হোটেল তাজ প্যালেসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সম্মেলনের 'বাংলাদেশ নিয়ে কৌশলগত সংলাপ' শীর্ষক সেশনে অংশ নেন।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে একুশে টিভির ওয়েবসাইটে একই তারিখে প্রচারিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে দিল্লিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে এসে কোনো কনফারেন্সে যোগদানের কোনো তথ্য ভারতীয় কিংবা বাংলাদেশের গণমাধ্যমে পাওয়া যায়নি।

অতএব, দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে হোটেল লবিতে শেখ হাসিনা দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, ২০১৯ সালের।