...|...|...

সারাদেশ

দিনেও জ্বলছে গাড়ির হেডলাইট, ঘন কুয়াশায় বিপাকে ঠাকুরগাঁওবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৮
Shares
দিনেও জ্বলছে গাড়ির হেডলাইট, ঘন কুয়াশায় বিপাকে ঠাকুরগাঁওবাসী

ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলাটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় দেখা দিয়েছে কিছুটা স্থবিরতা। দিনের বেলাতেও কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

হঠাৎ শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও দিনমজুর শ্রেণির মানুষ। জীবিকার তাগিদে ভোরে কাজে বের হলেও ঠান্ডা ও কুয়াশার কারণে স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছেন না অনেকে। দিন এনে দিন খাওয়া মানুষগুলোর জন্য এই আবহাওয়া বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তাই যানবাহন চালকদের সতর্কতার সাথে চলাচল এবং প্রয়োজনে গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন সচেতন মহল।

শীতের এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।