...|...|...

জাতীয়

দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, রাত ৮:৪২
Shares
দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

বাংলাদেশ বিমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবে হুতি হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

এদিকে যাত্রীদের বাড়তি চাহিদা সামাল দিতে মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়িয়েছে বিমান। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বেড়েছে।

পাশাপাশি জেদ্দা রুটে যাত্রীদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।