...|...|...

বিশ্ব

দরপতনের সুযোগে কম দামে স্বর্ণ কিনছেন বিনিয়োগকারীরা, বাড়ছে দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:২১
Shares
দরপতনের সুযোগে কম দামে স্বর্ণ কিনছেন বিনিয়োগকারীরা, বাড়ছে দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। গত সপ্তাহে বড় দরপতনের পর কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাচ্ছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের অপেক্ষায় থাকায় বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পায়। বাংলাদেশ সময় সকাল ৬টা ২৩ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৪৫ ডলার ২৯ সেন্টে।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৪৪ ডলার ৭০ সেন্টে নেমে আসে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটে। দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর নতুন করে কেনাকাটায় আগ্রহী হয়ে উঠেছেন কিছু বিনিয়োগকারী। তাদের এই কেনাকাটার প্রভাবে বাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

এদিকে বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ সূচক পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) ইনডেক্স। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতির পরিস্থিতি মূল্যায়নে এই সূচককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ফেডের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর মুদ্রানীতির পথে থাকতে হচ্ছে। তবে ভবিষ্যতে সুদের হার কতটা বাড়ানো হবে, তা নির্ভর করবে নতুন অর্থনৈতিক তথ্যের ওপর।

বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডের বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৫ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে স্বর্ণের মতো সম্পদ ধরে রাখার ব্যয় বেড়ে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়ার আশঙ্কা তৈরি হলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। এ কারণেই যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের দিকে তাকিয়ে রয়েছেন আন্তর্জাতিক স্বর্ণবাজারের বিনিয়োগকারীরা।

সূত্র: রয়টার্স