...|...|...

ক্যাম্পাস

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন সম্ভাবনার অপেক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৩
Shares
ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন সম্ভাবনার অপেক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয়

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন সম্ভাবনার অপেক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর ১৭৩ একর জমিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই ক্রীড়া স্থাপনাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আর এই কমপ্লেক্স থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি হতে পারে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ।

দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষণ সুবিধা ও কার্যকর ক্রীড়া ব্যবস্থাপনার অভাবে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন প্রত্যাশিত গতি পায়নি। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন কিংবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনো সীমিত। এমন বাস্তবতায় কাছেই গড়ে উঠতে যাওয়া আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্সটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

জানা গেছে, প্রস্তাবিত এই কমপ্লেক্সে ফুটবল, হকি, অ্যাথলেটিকস, শুটিং ও সাঁতারসহ মোট ২৭টি ডিসিপ্লিনের জন্য আধুনিক স্টেডিয়াম ও প্রশিক্ষণ সুবিধা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতা স্মারক বা সহযোগিতামূলক চুক্তি করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পেতে পারেন। এতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে নিজেদের প্রস্তুত করার পথ আরও সহজ হবে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও বলছে, পরিকল্পিত ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন দ্রুততম মানবী শিরিনা আক্তার, জাতীয় দলের হকি খেলোয়াড় শোভন এবং দৌড়বিদ জহির রায়হানের মতো ক্রীড়াবিদ। খেলোয়াড় তৈরির পাশাপাশি এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ফিটনেস ট্রেইনারসহ ক্রীড়াসংশ্লিষ্ট পেশায় কাজ করছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং নিজস্ব স্টেডিয়াম। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়, রেফারি, আম্পায়ার ও ফিজিও তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। 

২০২২ সালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করা ইসলামী বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। বিভাগটির শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ের ফুটবলার, ভলিবল কোচ ও বাস্কেটবল কোচ রয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছেন। ২০২২ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও তাঁদের অবদান ছিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ক্রীড়া শিক্ষায় গুরুত্ব দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এসব উদাহরণ থেকে স্পষ্ট, ক্রীড়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন খেলায় প্রতিভা ও আগ্রহ রয়েছে। তবে নিয়মিত অনুশীলনের পর্যাপ্ত সুযোগ, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে পারছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ ও পর্যাপ্ত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের পর্যাপ্ত জনবল, ক্রীড়া সরঞ্জাম এবং প্রশাসনিক সহযোগিতার অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় চাইলেও নিজেদের দক্ষতা যথাযথভাবে বিকশিত করতে পারছেন না। 

তিনি বলেন, ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্সটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এসব সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলনের সুযোগ পেলে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ের নারী ভবিবল দলের খেলোয়াড় বৃষ্টি বলেন , একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে মনে করি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ জরুরি। ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মো. নাজমুল হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার অভাবে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছেই ত্রিশালে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হওয়া আমাদের জন্য বড় সুযোগ। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে সমঝোতা চুক্তি হলে ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়রা সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগ চালু করা গেলে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ খেলোয়াড়, কোচ, ফিটনেস ট্রেইনার ও ক্রীড়া ব্যবস্থাপক তৈরির সুযোগ সৃষ্টি হবে।