...|...|...

জাতীয়

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, রাত ১০:১২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২০
Shares
তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও মেসের পরিস্থিতি পরিদর্শন করেন।

ব্যারাক পরিদর্শনকালে পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং পুলিশ সদস্যদের কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজ নেন।

এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে দ্রুত ও স্বচ্ছতার সাথে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা দেওয়া। থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা হয়রানি ছাড়াই সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।