গত তিন মাসে বাংলাদেশ থেকে ৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রফতানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের মাংসের চাহিদা মিটিয়ে বিদেশে আরও বেশি পরিমাণে গরুর মাংস রফতানির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএলআরআই প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

