...|...|...

ক্যাম্পাস

শহীদ মামুনের স্মরণে

তিতুমীর কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, রাত ৮:০৫ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৯
Shares
তিতুমীর কলেজে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ছবি: টাইমস টুডে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিট।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলার কথা থাকলেও বৃষ্টির কারণে পরবর্তীতে তা কলেজের বিজ্ঞান ভবনের নিচে বাঁধনের নিজস্ব কার্যালয়ের সামনে স্থানান্তর করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নিয়ে সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ বলেন, নিজের রক্তের গ্রুপ জানতে পেরে ভালো লাগছে। তিনি বলেন, শহীদ মামুনের স্মরণে এমন উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি আশপাশের বিভিন্ন হাসপাতালে রক্তের চাহিদা পূরণে বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাঁধনের তিন নম্বর নির্বাহী সদস্য নাবীহা তাসনীম লাবণ্য জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করা হলেও কার্যক্রম নির্বিঘ্নে চলমান রয়েছে।

এদিকে বাঁধন, সরকারি তিতুমীর কলেজ ইউনিটের সভাপতি সামিয়া কবির স্বর্ণা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদ মামুনের আত্মত্যাগ ন্যায়, সাহস ও মানবতার পথে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না এবং মানবতার সেবায় বাঁধনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।