...|...|...

জাতীয়

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, রাত ৩:২৭
Shares
তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। পরে শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন এলাকায় অভিযান চালায় সংস্থাটি। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফ নিখোঁজ হওয়ার আগে তার সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। তবে জিজ্ঞাসাবাদে দেওয়া তার বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

দীপের দাবি, ঘটনার দিন তারা কয়েকজনের ধাওয়ার মুখে পড়েছিলেন। তাঁদের মধ্যে দুজন পুলিশের পোশাক পরা ছিলেন বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ বিআইডব্লিউটিএর সীমানাপ্রাচীরের একটি পিলারের আড়ালে লুকিয়ে ছিলেন বলে জানান।

তবে দীপের এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাহসিফের বাবা নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার ভাষ্য, তাহসিফ সাঁতার জানতেন। ফলে নদীতে ঝাঁপ দেওয়ার পর তার ডুবে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।

গত ২৮ অক্টোবর তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া নমুনার প্রতিবেদনও এখনো পাওয়া যায়নি।

পিবিআইয়ের ছায়া তদন্ত শেষে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন নৌ-পুলিশের তদন্তে তার দেওয়া তথ্য, উদ্ধার করা মোটরসাইকেল এবং তাহসিফের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হবে।