পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নজর-উর-রহমান ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন এই আলেম।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাওলানা নজর-উর-রহমানের ইন্তেকালে পাকিস্তানসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করছিলেন তিনি। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর এ দায়িত্ব গ্রহণ করেন নজর-উর-রহমান।
১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নজর-উর-রহমান। তিনি দেশটিতে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেছেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও অবদান রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নজর-উর-রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সূত্র: দ্য ন্যাশনাল


