...|...|...

সারাদেশ

তাজমিনকে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ্ধে মামলা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪২
Shares
তাজমিনকে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ্ধে মামলা

গ্রেফতার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরী। ছবি: সংগৃহীত

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. অহিদুর রহমান।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে এক আইনজীবী অভিযোগ করেন, রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। এ সময় তাজমিনের বয়সের বিষয়টিও আদালতের নজরে আনা হয়। পরে আদালত ধর্ষণের অভিযোগে মামলা করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর থানার একজন পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, আদালতে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসা ও ধর্ষণের অভিযোগ উপস্থাপন করা হলে আদালত মামলা করার নির্দেশ দেন। পরে সেই নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, রাজু হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমিনের সাথে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে আসেন।

এর আগে কুমিল্লায় জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাজুকে গ্রেফতার করে কক্সবাজার পুলিশ। গত সোমবার দুপুরে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে আইনগত জটিলতার কথা উল্লেখ করে কুমিল্লা পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করে।

এরও আগে রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।

গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেতের আইল থেকে জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ তাজমিনকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক সুমনকে গ্রেফতার করে।