...|...|...

ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

ছবি: সংগৃহীত

সম্প্রতি কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। একই সাথে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলের জন্য প্রক্টর অফিসের নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে ঢুকতে বা চলাচল করতে পারবে না।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে স্টিকারের জন্য প্রক্টর বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার কাগজপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে। ২০ নভেম্বরের পর স্টিকারবিহীন কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে চলাচল করতে দেওয়া হবে না।

আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বাইরের সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যান, খাবার ও অনলাইন পণ্য সরবরাহকারী গাড়ি এবং সরকারি যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ ছাড়া নিরাপত্তার প্রয়োজনে ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হতে পারে বলেও সতর্ক করেছে প্রক্টর অফিস।