আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ডিএনসিসিতে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী এবং ডিএসসিসিতে লড়বেন মাওলানা হাফেজ মাহবুবুল হক।
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস পুরোদমে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সারা দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। অনেক স্থানে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণার অংশ হিসেবেই ঢাকার দুই গুরুত্বপূর্ণ সিটিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হলো।
মনোনয়ন পাওয়া মাওলানা মুর্শিদ আলম সিদ্দিকী খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আর ঢাকা দক্ষিণে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া হাফেজ মাওলানা মাহবুবুল হক খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির এবং মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্থানীয় সরকার পর্যায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দলটি জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।

