যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে অপমানিত ও খাটো করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে ডা. তাহের বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের কিছু দোসর ড. মুহাম্মদ ইউনূসকে কদর্য ও অশালীন ভাষায় হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী সম্মানিত নোবেলজয়ী ড. ইউনূসকে হেনস্তার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও বিশ্বদরবারে অপমানিত ও খাটো করা হয়েছে। দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে বিদেশের মাটিতে সম্মানিত ব্যক্তিদের সাথে এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকা উচিত।
বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ড বিদেশে অবস্থানরত প্রবাসী এবং সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও দাবি করেন তিনি।
ডা. তাহের বলেন, প্রবাসী ও দেশপ্রেমিক বাংলাদেশিরা এসব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের কল্যাণে কাজ করে যাবেন। এ ক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।
বিবৃতিটি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।



