...|...|...

ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে ইবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৫
Shares
ডেঙ্গু প্রতিরোধে ইবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশানাশক ওষুধ স্প্রে করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়া সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচেতনতামূলক তিন মাসের কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। কার্যক্রম ক্যাম্পাসকে পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সচেতন থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানাই। যেকোনো বিপর্যয় সংগঠিত হওয়ার আগেই প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করা উচিত। ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সব স্টেকহোল্ডার এগিয়ে আসতে হবে।