সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১৭২ জন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী।
এ সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৫৬৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

