...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৩
Shares
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২২৫ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।

এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩৫৬ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন, বরিশাল বিভাগে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন ও সিলেট বিভাগে ১২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ২২৫ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ এককভাবে ঢাকা বিভাগেই মারা গেছেন ১০৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৪৪, চট্টগ্রামে ২২, ময়মনসিংহে ২০, বরিশালে ১৭, রাজশাহীতে ১০, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।