দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৭ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ২০৬ জন, খুলনা বিভাগের ২২০ জন, রাজশাহী বিভাগের ২২৯ জন, রংপুর বিভাগের ৭১ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগের ২০ জন রয়েছেন।
অন্যদিকে, ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন।
তুলনামূলকভাবে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে প্রাণ হারান ৪১৩ জন।

