...|...|...

বিশ্ব

ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৩
Shares
ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিম্ন আদালতের দেওয়া একটি আদেশ বহাল রেখেছেন। ওই আদেশের ফলে ইউএস পোস্টাল সার্ভিসকে (ইউএসপিএস) ডাকযোগে পাঠানো ব্যালটের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

একটি আইনি সংগঠন সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি জানায়, এর ফলে নির্বাচনের সময় ইউএসপিএসের মাধ্যমে ‘বিশৃঙ্খলা সৃষ্টি’র সম্ভাবনা কমবে।

তবে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানাফ নিম্ন আদালতের আদেশ বহাল রাখার সিদ্ধান্তের সঙ্গে একমত হলেও ইঙ্গিত দিয়েছেন, আইনি প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিতে পারেন।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচনী জালিয়াতি মোকাবিলায় নতুন নিয়ম প্রয়োজন। এরই অংশ হিসেবে মার্চে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে ইউএসপিএসকে নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের কাছে ডাকযোগে পাঠানো ব্যালট সরবরাহের বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ রাজ্যগুলোর নিজস্বভাবে নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতায় হস্তক্ষেপ করছে।

এদিকে ২৪টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার নির্বাচনী কর্মকর্তারাও প্রস্তাবিত পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা জানায়, নতুন নিয়ম কার্যকর করার জন্য তারা এখনো প্রস্তুত নন। ফলে ভোটারদের কাছে সময়মতো ব্যালট পৌঁছাতে জটিলতা তৈরি হতে পারে।

সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে আপাতত ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়ন স্থগিত থাকলেও মামলার চূড়ান্ত আইনি লড়াই এখনো চলমান রয়েছে।