তীব্র মুদ্রাস্ফীতি ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের উন্মুক্ত বৈদেশিক মুদ্রাবাজারের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পশিশি ডট কম’-এর তথ্য অনুযায়ী, দেশটিতে মার্কিন ডলারের বিক্রয়মূল্য রেকর্ড ২৩ লাখ রিয়ালে পৌঁছেছে।
তেহরানকে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের পর ইরান যখন কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখনই রিয়ালের এই বড় ধরনের অবমূল্যায়ন হলো।
এদিকে ইরানে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগের বছরের তুলনায় দেশটিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ।


