...|...|...

জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৮
Shares
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নির্বাচন সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করে সিইসি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনও একই রকম মান বজায় রাখবে। মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কেন্দ্র থেকে রিয়েল টাইম মনিটরিং করা হবে।’ নির্বাচনের সার্বিক পরিবেশ বর্তমানে অত্যন্ত ভালো রয়েছে বলেও জানান তিনি।

এর আগে একই দিনে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে ইসি বৈঠক করে। এতে নির্বাচনে পর্যাপ্তসংখ্যক বল মোতায়েন রেখে পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেওয়া হয়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আজ রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

এ ছাড়া আজ ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অভ্যন্তরীণ ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী সংসদ সদস্য দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।