ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি করে ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


