...|...|...

বিশ্ব

ট্রাম্প ধাক্কা খাওয়ায় উচ্ছ্বসিত ইরানিরা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৭ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
ট্রাম্প ধাক্কা খাওয়ায় উচ্ছ্বসিত ইরানিরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়কে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বলছেন, এই ফলাফলের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন। তবে নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের কারণে আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে। ইরান এই বার্তাকে সমর্থন করে। একইসাথে তিনি সতর্ক করে বলেন, ইরানে আবার হামলা চালিয়ে ওয়াশিংটন যেন জনমতকে উপেক্ষা না করে। খবর রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় থাকুক, দেশটির শত্রুতা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কাছে সামান্যতম নতি স্বীকারের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্যের অবসানকে এখনো দূরের বিষয় মনে করলেও ইরানের কাছে তা আসন্ন।

মঙ্গলবারের নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও তাদের জয় ট্রাম্পের অর্থনীতি পরিচালনা এবং ইরান যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ভোটারদের অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছে ইরান।

নির্বাচনের পর যুদ্ধ আবার শুরু হতে পারে—এমন আশঙ্কায় সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। মঙ্গলবার ট্রাম্প সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনা নাকচ করেননি। অন্যদিকে, যুদ্ধ নতুন করে শুরু হলে আরও বড় ধরনের পাল্টা হামলার পরিকল্পনা করেছে ইরান।

নির্বাচনের আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছিলেন, ট্রাম্পকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে তেহরান।

ট্রাম্প অবশ্য নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করলেও ফক্স নিউজকে বলেছেন, ভোটাররা ইরান নিয়ে তার পদক্ষেপের গুরুত্বও বুঝেছেন। এদিকে মোজতবা খামেনির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরান নিজেদের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নয়।