রাশিয়া থেকে ডিজেল কেনার ঘোষণা দেওয়ার পরও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়। দুই সপ্তাহের মধ্যে এটিই সর্বোচ্চ দাম। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ডিজেল কেনার বিষয়ে একটি চুক্তি করেছেন তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।
সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের কিছু ওপরে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ডের দামও প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কিছু ওপরে পৌঁছায়।
রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার এই পরিকল্পনা মস্কোর তেল ও গ্যাস বিক্রির আয় কমাতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। রাশিয়া এসব আয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নে ব্যবহার করতে পারে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ছয় সিনেটরের একটি দ্বিদলীয় দল রোববার ট্রাম্প প্রশাসনের প্রতি পরিকল্পনাটি 'অবিলম্বে প্রত্যাহারের' আহ্বান জানিয়েছে।
সূত্র: সিবিএস নিউজ।


