...|...|...

বিশ্ব

ট্রাম্পের গায়ে কি বাংলাদেশের তৈরি স্যুট? সিএনএনের প্রতিবেদন ঘিরে শোরগোল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
ট্রাম্পের গায়ে কি বাংলাদেশের তৈরি স্যুট? সিএনএনের প্রতিবেদন ঘিরে শোরগোল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাধারণ পোশাক সম্প্রতি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ধনকুবের এই মার্কিন নেতার গায়ে অপেক্ষাকৃত কম দামি একটি ব্র্যান্ডের স্যুট দেখা যাওয়ার পর খোদ মার্কিন মুলুকেই যেমন শোরগোল পড়ে গেছে, তেমনি বাংলাদেশসহ এশীয় দেশগুলোতেও এটি তৈরি হওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে নেভি ব্লু রঙের একটি স্যুট পরে হাজির হয়েছিলেন ট্রাম্প। সেখানে ক্যামেরাবন্দী হওয়া ছবিতে স্পষ্ট দেখা যায়, তার পরিহিত স্যুটটি ‘জস. এ. ব্যাংক’ নামক তুলনামূলক কম দামি ব্র্যান্ডের।

ধনকুবেরের গায়ে সাধারণ ব্র্যান্ডের স্যুট কেন?

মার্কিন মার-এ-লাগো ক্লাবের বিলাসবহুল জীবনযাপনের মালিক এবং খোদ ১ লাখ ডলার মূল্যের ঘড়ি বাজারে ছাড়ার জন্য পরিচিত ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্বের সাথে এই কম দামি পোশাকের বিষয়টি মেলাতে পারছেন না অনেকে। ‘স্ট্যাটাস সিম্বল’ বা আভিজাত্য প্রদর্শনে যিনি বরাবরই এগিয়ে, তার এমন সাধারণ শপিং মলের পোশাক বেছে নেওয়া নিয়ে তাই তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি ট্রাম্পের বয়সের সাথে পাল্টানো ফ্যাশন সচেতনতার ফল, নাকি কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক চাল—তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

‘আমেরিকা ফার্স্ট’ নীতির সাথে সাংঘর্ষিক?

রাজনৈতিক মহলেও ট্রাম্পের এই স্যুট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। তার রাজনৈতিক প্রচারণার মূলমন্ত্র হলো ‘আমেরিকা ফার্স্ট’ বা মার্কিন অর্থনীতি ও পণ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। অথচ তিনি যে ব্র্যান্ডের স্যুট পরেছেন, তার সিংহভাগ পোশাকই তৈরি হয় চীন বা বাংলাদেশের মতো এশীয় দেশগুলোতে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নিজস্ব অনলাইন স্টোরে যেখানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি সাধারণ টাইয়ের দামই রাখা হয় ১২৫ ডলার, সেখানে দেশের খোদ রাষ্ট্রপতি হয়ে এশীয় দেশগুলো থেকে আমদানিকৃত এমন সস্তা স্যুট পরা তার নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।