...|...|...

খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫১
Shares
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন চোটের সাথে লড়াই এবং জাতীয় দলের বাইরে থাকার পর লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। ভারতের হয়ে টেস্টে ২২৯ উইকেট নেওয়া এই পেসার বিদায়বেলায় সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে অবসরের ঘোষণা দেন শামি। একই সাথে আবেগঘন এক বার্তায় টেস্ট ক্রিকেটের সাথে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। এই সময়ে তার শিকার ২২৯ উইকেট। সর্বশেষ ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি।

এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই পেসার। চোটের কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হয় তাকে। পরবর্তী সময়ে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর সুযোগ পাননি।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে শামি লেখেন, ‘সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, তবে এর সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে কখনোই নয়। প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে জড়ানোর সময় আমার একটাই স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে নতুন কিছু শিখিয়েছে।’

টেস্ট ক্রিকেটের সাথে নিজের আবেগের সম্পর্ক তুলে ধরে তিনি আরও লেখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট ছিল না, এটি ছিল জীবনের অত্যন্ত বিশেষ একটি অংশ। আজ ভারাক্রান্ত হৃদয় ও অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। এই দীর্ঘ যাত্রায় পাশে থাকা প্রতিটি সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয় সমর্থককে আন্তরিক ধন্যবাদ। ভালো ও খারাপ সব সময়েই আপনারা আমার ওপর বিশ্বাস রেখেছেন।’

বিদায়বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অবদানের কথাও স্মরণ করেছেন শামি। তার ক্রিকেটীয় পথচলায় এই দুই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শামি লেখেন, ‘আমার প্রতিভার ওপর আস্থা রাখা, বেড়ে ওঠার সুযোগ করে দেয়া এবং ক্রিকেটীয় পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিসিসিআই ও সিএবির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন ও বিশ্বাস সব সময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে।’

শেষবারের মতো টেস্ট বল হাতে নেওয়ার মুহূর্ত হয়তো পেছনে ফেলে এসেছেন, তবে দেশের হয়ে খেলার গর্ব আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন এই পেসার।

তিনি বলেন, ‘মাঠে আমার শেষ টেস্ট বলটি হয়তো করা হয়ে গেছে, কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’