এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হলো ইন্টার মায়ামির। প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর কাছে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল। তবে তারকাবহুল দল নিয়ে এমন বিদায়কে ‘ব্যর্থতা’ বলতে নারাজ মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে কলম্বাসের মাঠে ১-০ গোলে হেরেছে মায়ামি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আনাস জারুরির ক্রস থেকে গোল করে স্বাগতিকদের জয় এনে দেন সান্তিয়াগো রদ্রিগেজ। এর আগে প্রথম ম্যাচে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। ফলে টানা দুই জয়ে পরের রাউন্ডে উঠে গেল কলম্বাস।
মৌসুমজুড়ে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছিল মায়ামি। নিয়মিত মৌসুমে লিগের সর্বোচ্চ ৮০ গোল করেছে দলটি; যার মধ্যে মেসির একার অবদান ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট। কিন্তু প্লে-অফের দুই ম্যাচেই গোলখরায় ভুগেছে তারা। লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পল, কাসেমিরো ও জার্মান বেরতেরামের মতো তারকারাও জালের দেখা পাননি।
এমন বিদায়ের পর মায়ামির পারফরম্যান্সকে ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। তবে কোচ গঞ্জালেসের ভাবনা ভিন্ন। তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে দলে রেখে এ পর্যায়ে হারলে সবাই ব্যর্থতা শব্দটি ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আবারও বলছি, চেষ্টা না করলে সেটিকে ব্যর্থতা বলা যায়। এখানে বিষয়টি নামের নয়, পারফরম্যান্সের। দুর্ভাগ্যজনক বিদায়ের পরও আমার মনে হয়েছে, আজ দল ভালো খেলেছে।’
দলের চেষ্টার প্রশংসা করে গঞ্জালেস আরও বলেন, ‘আমি এই হতাশায় খুবই দুঃখিত, অন্য সবার মতোই। তবে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। জীবনে ব্যর্থতা শব্দটি অনেক বড়। এটা ফুটবল কখনো আপনার দিন হবে, কখনো হবে না। এবার আমাদের বিদায় নেওয়ার পালা।’
গত সেপ্টেম্বরেই মায়ামির দায়িত্ব নিয়েছিলেন গঞ্জালেস। তার অধীনেই ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতেছিল দলটি।


