...|...|...

ধর্ম

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের শঙ্কা, আলোচনায় নবীজির সুন্নাহ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, রাত ৮:১৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১২
Shares
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের শঙ্কা, আলোচনায় নবীজির সুন্নাহ

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্বের বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অতি ক্ষুদ্র এই প্লাস্টিক কণাগুলো দীর্ঘমেয়াদে মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 

এমন বাস্তবতায় আবারও আলোচনায় এসেছে ইসলামে সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত প্রাকৃতিক দাঁত পরিষ্কারের উপকরণ—মিসওয়াক। একজন মুসলমানের কাছে এটি শুধু দাঁত পরিষ্কারের মাধ্যম নয়; বরং পরিচ্ছন্নতা, ইবাদতের প্রস্তুতি এবং নবীজির সুন্নাহ অনুসরণের এক অনন্য নিদর্শন।

মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই রাসুলুল্লাহ (সা.) মিসওয়াক ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তার সাহাবিদেরও এতে উৎসাহিত করেছেন।

মিসওয়াক—প্রিয় নবী (সা.)-এর প্রিয় সুন্নাহ

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি প্রত্যেক নামাজের সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (বুখারি ৮৮৭)

আরেক হাদিসে তিনি বলেছেন, ‘মিসওয়াক মুখকে পবিত্র করে এবং রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যম।’ (ইবনে মাজাহ ২৮৯)

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের অন্তিম সময়েও মিসওয়াকের গুরুত্ব কমেনি। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেন, শেষ অসুস্থতার সময় আবদুর রহমান ইবনে আবু বকর (রা.) একটি তাজা মিসওয়াক নিয়ে এলে নবীজি (সা.) সেটির দিকে তাকান। আয়েশা (রা.) তার ইচ্ছা বুঝে মিসওয়াকটি নরম করে হাতে তুলে দেন। তিনি বলেন, ‘তিনি এমন সুন্দরভাবে মিসওয়াক করলেন, এর আগে তাঁকে কখনো এভাবে দাঁত পরিষ্কার করতে দেখিনি।’ (বুখারি ৪৪৫১)

রাসুলুল্লাহ (সা.) নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন। হজরত হুজায়ফা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রাতে তাহাজ্জুদের জন্য উঠলে প্রথমেই মিসওয়াক করতেন।’ (বুখারি ২৪৫)

আরেক বর্ণনায় এসেছে, তিনি ঘরে প্রবেশের সময়ও মিসওয়াক করতেন। (আবু দাউদ ৫১)

হজরত আবু মুসা আশআরি (রা.) বলেন, তিনি নবীজি (সা.)-কে এমনভাবে মিসওয়াক করতে দেখেছেন যে, তিনি মুখের ভেতর পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করতেন। (বুখারি ২৪৪)