...|...|...

স্বাস্থ্য

টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৬
Shares
টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

টিকা না নেওয়া শিশুরাই নতুন করে হামে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিগত সরকার কোনো টিকা রেখে না যাওয়ায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে ক্যাম্পেইন পরিচালনা করেছে। এখনো যেসব শিশু টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফ থেকে নতুন টিকা এসেছে। এসব টিকা দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে ক্যাম্পেইন শুরু করা হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে ফুলের টবে পানি জমে থাকে এবং সেখানে মশার লার্ভা জন্মায়। এমন পরিস্থিতিতে ডেঙ্গু হওয়াটা খুব স্বাভাবিক। তবে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কাজ শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরের মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে।

এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র‍্যালিতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।