শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। এদিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথারীতি পাঠদান শুরু হবে। তবে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়। এ ছুটি চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে পাঠদান শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
ফলে স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা সোমবার থেকে শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীরা আরও ছয় দিন ছুটি পাচ্ছেন।

