...|...|...

রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৩
Shares
জ্বালানি তেলের দাম বাড়লেও ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব পড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত জ্বালানির দাম আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও পড়েছে। সৌদি আরব, দুবাই, কাতার ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারের পরিস্থিতি স্বাভাবিক হলে জনগণের স্বস্তির কথা বিবেচনা করে দেশে জ্বালানির দাম কমানো হবে।

কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেচের খরচ কমাতে পর্যায়ক্রমে সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ বা নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হচ্ছে। যশোর সদর উপজেলার হৈবতপুর ও লেবুতলা ইউনিয়নে ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে যশোর সদর উপজেলার অধিকাংশ সেচ পাম্প সৌরশক্তিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর ফলে কৃষকদের সেচ ব্যয় কমবে এবং কম খরচে ফসল উৎপাদনের মাধ্যমে তারা বেশি লাভবান হতে পারবেন।

চূড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দার ফারুক ও সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ স্থানীয় নেতারা।