...|...|...

ক্যাম্পাস

জুলাই ও ঢাবির ইতিহাস নিয়ে ডাকসুর ৩ বই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১২
Shares
জুলাই ও ঢাবির ইতিহাস নিয়ে ডাকসুর ৩ বই

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঘিরে তিনটি বই প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ডাকসুর সভাকক্ষে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

প্রকাশিত বই তিনটি হলো—ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত ‘তিতুমীরের বাঁশের কেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’, ‘রক্তের আখরে ঢাকা বিশ্ববিদ্যালয়’ এবং সাহিত্য পত্রিকা ‘প্রতিভাস’-এর তৃতীয় সংখ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ডাকসু সব মত ও পথের শিক্ষার্থীদের ধারণ করে বইগুলো প্রকাশ করেছে। রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এটি নতুন দৃষ্টান্ত এবং বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে এক নজিরবিহীন পদক্ষেপ।

সংস্কৃতিক লড়াই জারি রাখার তাগিদ দিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, রাজনৈতিক ফ্যাসিজম দূর হলেও সাংস্কৃতিক ফ্যাসিজমের চক্রকে এখনো পুরোপুরি পরাজিত করা যায়নি। এই প্রকাশনাগুলো সেই পুরনো ভুল বয়ান ভাঙতে সহায়তা করবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, ‘রক্তের আখরে ঢাকা বিশ্ববিদ্যালয়’ গ্রন্থে নজির আহমেদ, আব্দুল মালেক থেকে শুরু করে ছাত্র ইউনিয়নের মইন হোসেন রাজু, আবুবকর, হাফিজুর মোল্লা কিংবা ছাত্রদলের সাম্য—নিহত হওয়া সব মতের শিক্ষার্থীদের স্মৃতিচারণ তুলে আনা হয়েছে।

সম্পাদকের শুভেচ্ছা বক্তব্যে মুসাদ্দিক আলী জানান, বিশ্ববিদ্যালয়কে আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত রাখার প্রেরণা জোগাতেই এই উদ্যোগ। রিয়াদুল ইসলাম যুবার সঞ্চালনায় অনুষ্ঠানে হল সংসদ ও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।