...|...|...

জাতীয়

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৫
Shares
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করে নিজ দেশের মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কেবল বাংলাদেশের বিষয় নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি নিশ্চিত করার দাবি। একজন ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্ষমতা ও অস্ত্র ব্যবহার করে দেশের নাগরিকদের হত্যার কাজে জড়িয়েছেন। তার কর্মকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন।

মামলার যুক্তিতর্কে দেশি-বিদেশি বিভিন্ন আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনগত নজির তুলে ধরা হবে বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তার ভাষ্য, আন্তর্জাতিক অপরাধের বিচারসংক্রান্ত বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত আইনি সিদ্ধান্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ নিজেদের অবস্থান আদালতে ব্যাখ্যা করবে।

তিনি জানান, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দি, মামলার নথি এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করেই যুক্তিতর্ক সাজানো হয়েছে। এসব উপাদানের ভিত্তিতে আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

যুক্তিতর্কের প্রস্তুতি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার সব নথি ও সাক্ষীদের বক্তব্য বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধের বিচার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং অন্যান্য দেশের আদালতের সিদ্ধান্তও খতিয়ে দেখা হয়েছে। এসব আইনি নজির আদালতে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক সক্ষমতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোরও আইনগত ব্যাখ্যা দেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ তুলে ধরবেন।

রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম আগে যেসব যুক্তি উপস্থাপন করেছেন, সেগুলোর পুনরাবৃত্তি না করে নিজের মতো করে বক্তব্য সাজাবেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, তার যুক্তিতর্ক মূলত আইনভিত্তিক হবে। তবে প্রয়োজন হলে সাক্ষীদের জবানবন্দি এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তুলে ধরবেন। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার চেষ্টা থাকবে।

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে রুহুল কুদ্দুস কাজল বলেন, আইনে সর্বোচ্চ শাস্তির যে বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগে থেকেই স্পষ্ট। অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকলে রাষ্ট্রপক্ষ সেই সর্বোচ্চ শাস্তিই চাইবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। অ্যাটর্নি জেনারেলের মতে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মামলায় ইতিমধ্যে এ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। তবে গুম ও পরিকল্পিতভাবে সংঘটিত অপরাধের ভয়াবহতা বিবেচনায় বর্তমান মামলার বিচার আলাদা গুরুত্ব বহন করছে।

তিনি মনে করেন, গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার বাংলাদেশের বিচারিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এর মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় নির্ধারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির তৈরি হবে।

সমাপনী বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো দেখেছেন। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষ হত্যার কাজে ব্যবহার করেছেন।

রুহুল কুদ্দুস কাজলের ভাষ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ বিচার নিশ্চিত করা গেলে তা অপরাধীদের জন্য কঠোর বার্তা হয়ে থাকবে। এ বিচার শুধু বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের বিষয় নয়, বরং সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি।