জিবুতির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানটি এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীর কাছে অবস্থিত।
তিন শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে ফিরেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক এ ঘটনাকে ‘মর্মান্তিক প্রাণহানি’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, জরুরি সহায়তা দিতে সংস্থাটির কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে কোইসাক বলেন, মৃতের সরকারি হিসাবে কেবল তাঁদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের মরদেহ জিবুতির কর্তৃপক্ষ দাফন করেছে। অভিবাসীদের পক্ষ থেকেও অনেককে দাফন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ মরদেহ শনাক্ত ও যাচাই না করা পর্যন্ত তাঁদের সরকারি তালিকায় যুক্ত করা হবে না।
কোইসাকের ভাষায়, অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই পথে যাত্রা করা অভিবাসীরা যে চরম ঝুঁকির মুখে পড়েন, এই দুর্ঘটনা তারই নির্মম স্মারক।


